কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বন্ধু’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার সালমা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম শ্যামল।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদিক হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাদিমুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হায়দার ইমন, দপ্তর সম্পাদক মো. ওমর হোসাইন মিশকাত, অর্থ সম্পাদক মো. হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম এলাহী সিয়াম, আপ্যায়ন ও ছাত্রীবিষয়ক সম্পাদক সাদিয়া স্মৃতি, শিক্ষাবিষয়ক সম্পাদক ফখরে জাহান রিমি এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন তুষার কুমার দত্ত।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম শ্যামল বলেন, “বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু একটি সংগঠনের নাম নয়; এটি একটি মানবিক পরিবার, একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম এবং মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক নিরন্তর প্রচেষ্টা। ২০১৫ সালের ২৯ অক্টোবর ‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’—এই স্লোগানকে ধারণ করে আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল রক্তের অভাবে যেন কোনো মানুষকে জীবন হারাতে না হয় এবং তরুণ প্রজন্মের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা তৈরি হয়। আমরা অতীতের অর্জনগুলোকে ভিত্তি করে সংগঠনটিকে আরও গতিশীল, সুসংগঠিত ও মানবিক হিসেবে গড়ে তুলতে চাই।”
সদ্য মনোনীত সভাপতি ফাতেমা আক্তার সালমা বলেন, “আলহামদুলিল্লাহ! নতুন দায়িত্ব, নতুন প্রত্যয়, নতুন স্বপ্ন। ‘বন্ধু’, রক্তদাতা সংস্থা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। একই সঙ্গে এটি একটি বড় দায়িত্ব ও আমানত। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু একটি পদে অধিষ্ঠিত হওয়া নয়; বরং দায়িত্বশীলতা, আন্তরিকতা, ত্যাগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো।”
আজকালের কন্ঠ/আর বি