Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬ , ২:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৬ , ১:৪৮ অপরাহ্ণ

ডোমারে আমনের বাম্পার ফলন, বাজারে ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক

লেখকঃ ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষি বিভাগের পরামর্শে এবার ধানের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সোনালি ধান। পাকা ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষক-কৃষাণিরা। তবে ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের ন্যায্য দাম না পাওয়ায় মুখে হাসি নেই কৃষকদের।

উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষিজমিতে আমন ধান কাটা ও সংগ্রহের কাজ চলছে। কোনো কোনো জমিতে ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। আবার কোথাও কৃষকরা শেষ মুহূর্তে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত রয়েছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রমিকদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটার কর্মযজ্ঞ।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার চলতি মৌসুমে আমন ধানের সরকারি সংগ্রহমূল্য প্রতি কেজি ৩৫ টাকা নির্ধারণ করেছে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম দাঁড়ায় ১ হাজার ৪০০ টাকা। কিন্তু বাস্তবে গ্রামপর্যায়ে কৃষকরা খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি মণ ধান বিক্রি করছেন মাত্র ১ হাজার ৮০ থেকে ১ হাজার ১০০ টাকার মধ্যে। ফলে সরকারি নির্ধারিত দামের সঙ্গে বাজারদরের বড় ব্যবধান থাকায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কৃষকদের দাবি, সার, কীটনাশক, জমি প্রস্তুত, চারা রোপণ, পরিচর্যা, ধান কাটা ও মাড়াইসহ প্রতিটি পর্যায়ে উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। বিশেষ করে ধান কাটার শ্রমিকের মজুরি ও মাড়াই খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত ধান বিক্রি করে খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারলে কিছুটা লাভের মুখ দেখা সম্ভব হতো বলে মনে করছেন তারা।

ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কৃষক ইমরান জানান, তিনি কয়েক বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এবার ফলন ভালো হলেও উৎপাদন খরচ অনেক বেড়েছে। সার, কীটনাশক, জমিতে ধান রোপণ থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। অথচ সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না তারা। এতে লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন তিনি।

আরেক কৃষক রাজিবুল আহসান জানান, ধানের বর্তমান বাজারদর অনুযায়ী হিসাব করলে আবাদ করে লাভের চেয়ে লোকসানের আশঙ্কাই বেশি। সরকার প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করলেও মাঠপর্যায়ে সেই দামে ধান বিক্রি করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ধান কাটা, মাড়াইসহ বিভিন্ন কৃষিকাজে শ্রমিকদের মজুরিও আগের তুলনায় বেড়েছে। ফলে ভালো ফলন পেয়েও তারা আর্থিকভাবে লাভবান হতে পারছেন না।

এ বিষয়ে ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চলতি মৌসুমে ডোমার উপজেলায় ১৭ হাজার ৯২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ হয়েছে। কৃষকরা সঠিক সময়ে সরকারি মূল্যে রাসায়নিক সার, বালাইনাশক ও কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ পেয়েছেন। পাশাপাশি উপজেলা কৃষি কার্যালয় ও মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধান, সময়োপযোগী পরামর্শ এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার উপজেলায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে।

সব মিলিয়ে এবার আমনের ভালো ফলনে কৃষকদের মুখে স্বস্তি ফিরলেও ধানের বাজারদর নিয়ে রয়েছে অসন্তোষ। কৃষকদের প্রত্যাশা, উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে। এতে কৃষকরা যেমন ন্যায্য দাম পাবেন, তেমনি আগামী মৌসুমেও ধান চাষে আগ্রহী হবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন