রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯) গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত তাঁদের কার্যালয়ে প্রবেশ করে। এ সময় চাঁদা না পেয়ে দুই কর্মচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হাবিবুর ও সাজু ওই প্রতিষ্ঠানে নেটওয়ার্ক কর্মী হিসেবে কাজ করেন। হাবিবুরের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবের দুলাল মিয়ার ছেলে। আর সাজু ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপাশা এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুরার ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের একজনের বাম হাতে এবং অন্যজনের ডান পায়ে গুলির আঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে তাঁদের ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।