Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬ , ৮:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৬ , ৭:৩৯ অপরাহ্ণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ, র‌্যালি ও মানববন্ধন

লেখকঃ মাহমুদুল হাসীব, নোবিপ্রবি প্রতিনিধি

দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকরা।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশজুড়ে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একই কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় নোবিপ্রবিতেও এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ছাত্র-জনতার অংশগ্রহণে দেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এসেছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সরকারের উদ্যোগে জাতীয় সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং স্থিতিশীল পরিবেশ তৈরির কার্যক্রম এগিয়ে চলছে।

তবে সাম্প্রতিক সময়ে একটি মহল বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ শিক্ষকসমাজ কোনোভাবেই সমর্থন করে না বলেও জানান তিনি।

অধ্যাপক হাছান উদ্দীন আরও বলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আসা গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছরে দেশে এ ধরনের গণতান্ত্রিক নির্বাচন প্রত্যক্ষ করা যায়নি। গণতান্ত্রিক ধারায় উত্তরণের পর ২০২৪ সালের পরাজিত শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা গ্রহণযোগ্য নয়। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করা উচিত; রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে, তা জনগণই নির্ধারণ করবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রসঙ্গে কোষাধ্যক্ষ বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় নোবিপ্রবি এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন