Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬ , ৪:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৬ , ৪:৩৫ অপরাহ্ণ

ডোমারের কাজীরহাটে ইজিবাইকের ধাক্কায় নিহত ৮ বছরের শিশু ওমর ফারুক

লেখকঃ ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে অটোরিকশার ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। তার এক ভাই ও এক বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে অটোরিকশাটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি তখন বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের ভিড় দেখে বাইরে এসে জানতে পারেন, স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ডোমার থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন