ফেসবুকে বন্ধুত্বের সম্পর্ক গড়ে বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এক ট্রাকচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে বগুড়ার আদমদীঘি উপজেলার পাঁচ যুবকের বিরুদ্ধে।
নওগাঁ সদর উপজেলার একটি নির্জন স্থানে আটকে রেখে তাঁকে মারধর করা হয়। পরে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭ হাজার ৫০০ টাকা আদায় করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জিহাদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি চার আসামি পলাতক রয়েছেন।
মামলার বাদী মো. একরামুল প্রধান (২৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাকচালক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে একরামুলের সঙ্গে শিহাব সাব্বিরের পরিচয় হয়। পরে মেসেঞ্জার ও মুঠোফোনে তাঁদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। একপর্যায়ে শিহাব তাঁকে নিজেদের বাড়িতে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানান।
গত ৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বগুড়া থেকে রওনা হয়ে রাত ৮টার দিকে ছাতিয়ানগ্রামে শিহাবের সঙ্গে দেখা করেন একরামুল। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নগরকুসুম্বী গ্রামের একটি স্কুলসংলগ্ন মরা নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আগে থেকে অবস্থান করা রহমত, আনিছুর ও হৃদয়সহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের সহযোগিতায় একরামুলকে আটকে রাখা হয়। এ সময় তাঁকে মারধর করে পরিবারের কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
প্রাণভয়ে একরামুল তাঁর মাকে ফোন করে বিকাশে টাকা পাঠাতে বলেন। পরে তাঁর মা দুটি বিকাশ নম্বর থেকে যথাক্রমে ১ হাজার ৫০০ ও ৬ হাজার টাকা পাঠান। সব মিলিয়ে ৭ হাজার ৫০০ টাকা পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, টাকা পাঠানোর পরও একরামুলের কাছে আরও টাকা দাবি করা হয়।
এদিকে পরিবারের সদস্যরা বিষয়টি নওগাঁ সদর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা একরামুলকে ছেড়ে পালিয়ে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এবং বিকাশের লেনদেনের সূত্র ধরে জিহাদকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে গ্রেপ্তার জিহাদ ছাড়াও চারজনের নাম উল্লেখ রয়েছে। তাঁরা হলেন- শিহাব সাব্বির (২৫), রহমত (২৫), আনিছুর (৩০) ও হৃদয় (২৫)। এজাহার অনুযায়ী, জিহাদ, রহমত, আনিছুর ও হৃদয়ের বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামে। শিহাব সাব্বিরের বাড়ি একই উপজেলার দুর্গাপুর গ্রামে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনের নাম পাওয়া গেছে এবং তাঁদের বিরুদ্ধেও মামলায় আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী মো. একরামুল প্রধান। দণ্ডবিধির ৩৬৩, ৩৮৫, ৩৮৬ ও ৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তার জিহাদকে আদালতে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার পর সরাসরি দেখা করতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, কারও পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত না হয়ে এমন সাক্ষাতে যাওয়া উচিত নয়। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এ ধরনের বিষয়ে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজকালের কন্ঠ/আর বি