রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত নৈশকোচ থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)।
তাঁরা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) একটি নৈশকোচে ভাড়া নিয়ে তাদের সঙ্গে কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে কন্ডাক্টর দুই যাত্রীকে চলন্ত কোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন। তার নাম আতিকুল ইসলাম।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় নৈশকোচটি আটক করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এবং ঘাতকবাসটিকে আটক করার কথা জানিয়েছেন।তবে বাসটি ড্রাইভার,হেল্পার ও কন্ট্রাকটর পলাতক রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি