Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬ , ১১:১৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৬ , ১১:০২ পূর্বাহ্ণ

১৯ বছরেও সিডরের ক্ষত বয়ে বেড়াচ্ছে দুমকির মানুষ

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আজ ১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৯তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী সিডরের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় পটুয়াখালীর দুমকিসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও গাছচাপায় দুমকিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামো।

সিডরের তাণ্ডবে পায়রা ও লোহালিয়া নদীবেষ্টিত দুমকির নিম্নাঞ্চল প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন স্থানের বেড়িবাঁধ। উপজেলার পাঙ্গাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া ও মুরাদিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে বড় বড় গাছপালা। সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে আমন ধান, শীতকালীন শাকসবজির ক্ষেত এবং মাছের ঘের ও পুকুর তলিয়ে যায়। এতে কৃষক ও মৎস্যচাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েন অসংখ্য পরিবার। ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় লড়াই করতে হয়।

১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় স্থানীয়দের। উপকূলীয় এ জনপদের মানুষের কাছে সিডর এখনো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার এক জীবন্ত স্মারক। ভবিষ্যতে এমন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন