শারীরিক প্রতিবন্ধকতা, সংসারে নির্যাতন আর অভাব-অনটন, সবকিছু সয়েও হার মানেননি নওগাঁর আত্রাইয়ের সুরভী খাতুন (৩৫)। একটি পুরোনো সেলাই মেশিনই তাঁর জীবিকার একমাত্র সম্বল। ছোট মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করাই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।
সুরভী খাতুন আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা প্রয়াত বাচ্চু প্রামানিক, মা মোছা. সাজেদা বেগম। প্রায় ১৯ বছর আগে পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামের আফজাল শাহর ছেলে সেন্টু শাহর (৪৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।
সুরভীর অভিযোগ, স্বামী নেশাগ্রস্ত হয়ে দীর্ঘদিন তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে প্রায় দুই বছর আগে ছোট মেয়েকে নিয়ে তিনি মায়ের বাড়িতে চলে আসেন।
বাবা না থাকায় মায়ের সংসারেও অভাব। অন্যের ওপর নির্ভর না করে সুরভী প্রতিবন্ধকতা উপেক্ষা করে পুরোনো সেলাই মেশিনে কাপড় সেলাই শুরু করেন। কখনো কাজ মেলে, কখনো মেলে না। সেই সামান্য আয়েই চলে মা-মেয়ের দিন।
সরকারি সহায়তা বলতে তিনি প্রতিবন্ধী ভাতা পান। তিন থেকে চার মাস পরপর পান প্রায় ২ হাজার ৫০০ টাকা। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ টাকায় নিত্যপ্রয়োজন মেটানোও কঠিন।
মায়ের বাড়িতে সুরভীকে মা ও মেয়েকে নিয়ে একই কক্ষে থাকতে হচ্ছে। সন্তানকে নিয়ে আলাদা থাকার মতো ঘর নেই তাঁর। নিজের চাওয়া-পাওয়া ছোট করে ফেললেও মেয়ের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি তিনি। দারিদ্র্যের কারণে মেয়ের পড়াশোনা থেমে যাবে, এই আশঙ্কা তাঁকে তাড়া করে ফেরে।
সুরভী এখন দুটি জিনিস চান। একটি নিরাপদ থাকার ঘর, যেখানে মেয়েকে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। আরেকটি ইলেকট্রিক সেলাই মেশিন, যাতে শারীরিক কষ্ট কমিয়ে আরও বেশি কাজ করতে পারেন। তিনি কারও কাছে হাত পাততে চান না; নিজের শ্রমে সম্মানের সঙ্গে বাঁচতে চান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, “সুরভী মেয়েটি শারীরিক প্রতিবন্ধী এবং খুবই অসহায় পরিবারের। স্বামীর অত্যাচারে মায়ের বাড়িতে এসে থাকে। আমরা পরিষদ থেকে তাঁর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। সরকার যদি মেয়েটির দিকে একটু সুনজর দেয়, তাহলে হয়তো সে আরও একটু ভালো জীবনযাপন করতে পারবে।”
অভাব-অনটন আর শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলা সুরভীর এখন একটাই প্রত্যাশা- একটি নিরাপদ আশ্রয় ও কর্মের উপযুক্ত ব্যবস্থা। সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা পেলে হয়তো তাঁর জীবনসংগ্রাম কিছুটা সহজ হবে, পূরণ হবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।
আজকালের কন্ঠ/আর বি