Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৫:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৫:২৮ অপরাহ্ণ

নতুন প্রজন্মের কাছে খানবাহাদুর আহ্ছানউল্লার অবদান তুলে ধরা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবর্তক ও অবিভক্ত বাংলার শিক্ষা-সমাজ সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন শিক্ষাবিদ ও গবেষকরা। সাতক্ষীরায় আয়োজিত এক দিনব্যাপী সেমিনারে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, যাঁর স্মৃতিবিজরিত ধন্যভূমি এই সাতক্ষীরা জেলা, সেই অঞ্চলের সাধারণ মানুষ ও নতুন প্রজন্ম এখনো তাঁর বিশাল অবদান সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নয়। আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে বেশি মূল্যায়ন করা হলেও সমাজ ও শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য কীর্তিগুলো অনেকটাই অন্তরালে থেকে গেছে।

গত শনিবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউট।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান বলেন, “খানবাহাদুর আহ্ছানউল্লা ছিলেন ব্রিটিশ আমলের এক দূরদর্শী শিক্ষাবিদ ও মানবতাবাদী সংস্কারক। অনগ্রসর সমাজের মানুষের শিক্ষাগত অগ্রগতি ও সামাজিক মর্যাদা বাড়াতে তিনি জীবনভর কাজ করেছেন। বিশেষ করে শিক্ষা বিভাগে কর্মরত অবস্থায় পরীক্ষার খাতায় নাম লেখার বদলে ‘রোল নম্বর’ প্রথার প্রচলন করার মতো বহু যুগান্তকারী সংস্কার তাঁর হাত ধরেই হয়েছিল।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। কেন্দ্রীয় খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. একরাম হোসেন।

মূল প্রবন্ধে ড. একরাম হোসেন বলেন, “শিক্ষা, সাহিত্য ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা এক কালজয়ী যুগপুরুষ। বঙ্গীয় মুসলমান সমাজে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতি এবং সম্প্রীতির সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তিনিই প্রথম মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।”

সেমিনারে নির্ধারিত আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহসম্পাদক ইকবাল মাসুদ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এফ এম এনামুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা ও অতিথিরা খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির নামকরণ ‘খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করার জোরালো দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন