Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৪:৫৪ অপরাহ্ণ

নগ্ন ছবি দেওয়ার বিনিময়ে পাকিস্তানে সামরিক তথ্য ফাঁসের অভিযোগ ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে

লেখকঃ আন্তর্জাতিক ডেস্ক

নগ্ন ছবি দেওয়ার বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে এক ভারতীয় উইং কমান্ডারের বিরুদ্ধে। এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

দিল্লি পুলিশের দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ওই কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধসংক্রান্ত গোপন পরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েনের তথ্য, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কে সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন। এসব তথ্য তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, সামরিক বাহিনীর এসব গোপন তথ্য ফাঁসের ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। সরকারি গোপনীয়তা আইন (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ওই কর্মকর্তা গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে রয়েছেন।

দিল্লি পুলিশের অভিযোগ, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ওই কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখেন। এ সময় তিনি ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য তাঁর কাছে পাচার করেন।

দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের বিস্তারিত তথ্য ফাঁস করেছিলেন। এর মধ্যে ছিল ইউনিটটির সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতি।

এ ছাড়া ড্রোনের পরীক্ষা, সক্ষমতা, একটানা উড্ডয়নের সময় এবং লক্ষ্যবস্তুতে অস্ত্র নিক্ষেপের পদ্ধতি সম্পর্কেও সংবেদনশীল তথ্য পাচার করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, যুদ্ধের সময় ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সেই সম্ভাব্য স্থানগুলোর তথ্যও তিনি ফাঁস করেছিলেন। পুলিশের মতে, এসব তথ্য শত্রুপক্ষের হাতে গেলে ভারতের সামরিক প্রস্তুতি ও যুদ্ধকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া সম্ভব।

অভিযোগপত্রে আরো বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্যও ফাঁস করেছিলেন। পাশাপাশি, রাজস্থানের সুরাতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত সামরিক মহড়া সম্পর্কেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ওই ব্যক্তিকে তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর অবস্থান এবং যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা সম্পর্কেও গোপন তথ্য ফাঁস করেছিলেন। এসব তথ্য শত্রুপক্ষের হাতে গেলে সামরিক স্থাপনা ও অভিযান নিরাপত্তার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

এই মামলায় আরো গুরুতর অভিযোগ উঠেছে সাইবার গুপ্তচরবৃত্তি নিয়ে। পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা পাকিস্তানের এক গোয়েন্দা কর্মীর কাছ থেকে বিভিন্ন অ্যাপ ও লিংক পেয়েছিলেন। এসবের মধ্যে ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ছিল, যেগুলোর মাধ্যমে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত গোপন তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব।

দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা তার অধীনে কর্মরত পাঁচজন কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে এসব ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছিলেন। পুলিশের ধারণা, এর উদ্দেশ্য ছিল ওই কর্মকর্তাদের ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁদের যোগাযোগের ওপর নজর রাখা।

পুলিশের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা শুধু নিজেই সামরিক তথ্য পাচার করেননি, বরং তাঁর অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইস ব্যবহার করেও গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন।

দিল্লি পুলিশ তাদের অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানের গোয়েন্দা কর্মীর মধ্যে হওয়া যোগাযোগের বিস্তারিত তথ্যও উল্লেখ করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তার হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণ করে তাদের মধ্যে ৩ হাজার ৮টি খুদে বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংক আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।

এসব ডিজিটাল তথ্যের ভিত্তিতে পুলিশ এখন খতিয়ে দেখছে, অভিযুক্ত কর্মকর্তা কতটা সামরিক গোপন তথ্য ফাঁস করেছেন এবং এই কর্মকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত ছিলেন কি না।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন