Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৪:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৪:২৬ অপরাহ্ণ

শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ

লেখকঃ জুবাইয়া বিন্তে কবির

একটি জাতির ভবিষ্যৎ নির্মিত হয় তার শিক্ষাব্যবস্থার দূরদর্শিতার ওপর। শিক্ষা কেবল সনদ অর্জনের উপায় নয়, শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী, কর্মদক্ষ এবং বিশ্ব-নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই সময়ের দাবি অনুযায়ী আমাদের শিক্ষাব্যবস্থায় বাস্তবমুখী পরিবর্তন আজ অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি জাতীয় সংসদে লক্ষ্মীপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা বাধ্যতামূলক করার যে প্রস্তাব উত্থাপন করেছেন, তা নিঃসন্দেহে যুগোপযোগী ও সুদূরপ্রসারী। এর কয়েকমাস আগেও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসান একই প্রস্তাব তুলেছিলেন। সবচেয়ে আশার কথা, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, চীনা, জাপানি, কোরিয়ান, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষার রূপরেখা তুলে ধরেছেন। এ জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে জানাই গভীর কৃতজ্ঞতা। কারণ এই প্রস্তাব শুধু একটি বিষয় সংযোজন নয়, এটি বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

কেন ইংরেজির পাশাপাশি আরবি অপরিহার্য? বিশ্বে ভাষা আজ কেবল যোগাযোগের মাধ্যম নয়, অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। ইংরেজির গুরুত্ব আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আরবির গুরুত্ব কোনো অংশে কম নয়। আজকের বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী আয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১১ লাখ ২৮ হাজার কর্মী বিদেশে গেছেন, যার মধ্যে শুধু সৌদি আরবে গেছেন ৭ লাখ ৫২ হাজার ৭০৫ জন, কাতারে ১ লাখ ৭ হাজার ৪৭২ জন। ২০২৪-২৫ অর্থবছরেই প্রবাসী আয় এসেছে প্রায় ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এই ধারা এখন পর্যন্ত আরও ঊর্ধ্বমুখী। অথচ এই বিশাল শ্রমবাজারে আমাদের কর্মীরা প্রতিদিন ভাষার দেয়ালে ধাক্কা খাচ্ছেন। নিয়োগকর্তার নির্দেশনা বুঝতে না পারা, চুক্তির শর্ত না বোঝা, অসুস্থতায় নিজের কথা বলতে না পারা, এমনকি নিজের অধিকার আদায়ে ব্যর্থ হওয়া—এ সবের মূলে রয়েছে ভাষাগত অদক্ষতা। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্পষ্ট বলেছে, অভিবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও শোষণের অন্যতম প্রধান কারণ ভাষা না বোঝা। তাই আরবি শিক্ষা এখন আর ধর্মীয় আবেগ নয়, এটি আমাদের জাতীয় কর্মসংস্থান কৌশলের অবিচ্ছেদ্য অংশ।

ধর্মীয় জ্ঞান ও নৈতিকতার ভিত্তি : আরবির সঙ্গে মুসলমানের সম্পর্ক আত্মার। পবিত্র কুরআন আরবি ভাষায় অবতীর্ণ। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আমি একে আরবি ভাষায় কুরআন হিসেবে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো।” [সূরা ইউসুফ: ২]। আমাদের দেশে লাখো মানুষ কুরআন তিলাওয়াত করেন, কিন্তু অর্থ না বোঝার কারণে এর জীবনঘনিষ্ঠ শিক্ষা থেকে বঞ্চিত থাকেন। কুরআন শুধু সওয়াবের গ্রন্থ নয়, এটি ন্যায়বিচার, আমানতদারিতা, পারিবারিক দায়িত্ব ও মানবতার পূর্ণাঙ্গ জীবনবিধান। শৈশব থেকেই যদি শিশুকে আরবি বর্ণের সাথে সাথে ছোট সূরার সহজ অনুবাদ, শব্দের অর্থ ও নৈতিক শিক্ষা দেওয়া যায়, তবে সে শুধু ধার্মিক নয়, বিবেকবান নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজ সমাজে ঘুষ, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনের যে অবক্ষয়, তার মূলে রয়েছে মূল্যবোধের সংকট। শুধু আরবি শেখালেই সব অপরাধ দূর হবে—এমন সরল দাবি অবাস্তব। কিন্তু ধর্মীয় মূল্যবোধ যখন শিক্ষার সাথে মিশে যায়, তখন তা অপরাধ প্রতিরোধে এক শক্তিশালী প্রতিষেধক হিসেবে কাজ করে।

প্রবাসী আয়কে দক্ষতানির্ভর করতে হবে : বিএমইটির ২০২৫ সালের বিশ্লেষণ বলছে, বিদেশগামী কর্মীদের মধ্যে প্রায় ৪৪% স্বল্প দক্ষ, ৩৪% অর্ধ-দক্ষ এবং মাত্র ১৯% দক্ষ। এই চিত্র বদলাতে হবে। আমরা কেন শুধু শ্রমিক পাঠাবো? কেন নার্স, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, আইটি এক্সপার্ট পাঠাতে পারব না? মধ্যপ্রাচ্যে এখন আর শুধু নির্মাণ শ্রমিক নয়, স্বাস্থ্য, হোটেল ম্যানেজমেন্ট, লজিস্টিকস, এভিয়েশনে দক্ষ জনবলের বিশাল চাহিদা তৈরি হয়েছে। আরবি ও ইংরেজিতে দক্ষতার সাথে কারিগরি প্রশিক্ষণ যুক্ত হলে একজন কর্মী ৩০০ ডলারের পরিবর্তে ১২০০ ডলার বেতনে কাজ করতে পারবেন। এতে ব্যক্তির জীবন বদলাবে, রিজার্ভ বাড়বে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।

বিশ্বের দৃষ্টান্ত আমাদের পথ দেখায় : এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সিনিয়র অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান একটি অত্যন্ত দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেন—”ভাষা শিক্ষাকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এটিকে জাতীয় দক্ষতা কৌশল হিসেবে দেখতে হবে। সিঙ্গাপুর ১৯৬৬ সাল থেকে দ্বিভাষিক নীতি গ্রহণ করে আজ বিশ্বের শীর্ষ অর্থনীতি। সেখানে ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাধ্যতামূলক। ইউরোপীয় ইউনিয়নের ২০২৪ সালের বিশেষ ইউরোবারোমিটার জরিপে দেখা গেছে, ৫৯% ইউরোপীয় অন্তত একটি বিদেশি ভাষায় কথা বলতে পারেন এবং ৭৬% নাগরিক মনে করেন, বহুভাষিক দক্ষতা বাড়ানো রাষ্ট্রের প্রধান রাজনৈতিক অগ্রাধিকার হওয়া উচিত। মালয়েশিয়া তাদের জাতীয় শিক্ষাক্রমে মালয়, ইংরেজি, গণিত, বিজ্ঞানের পাশাপাশি মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য নৈতিক শিক্ষা রেখে চমৎকার সমন্বয় করেছে। বাংলাদেশের জন্য মাতৃভাষা বাংলাকে অক্ষুণ্ন রেখে ইংরেজি ও আরবিকে কর্মমুখী ভাষা হিসেবে গ্রহণ করা এখন সময়ের সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত।”
অধ্যাপক মোর্শেদ হাসান খান আরও বলেন, বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে আরবি চর্চার শক্ত ভিত্তি আগে থেকেই রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২১ সাল থেকেই আরবি বিভাগ চালু আছে, যা দেশের অন্যতম প্রাচীন বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে আরবি ভাষা ও সাহিত্যে অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি পর্যায়ে উচ্চতর গবেষণা হচ্ছে। অর্থাৎ উচ্চশিক্ষায় আমাদের শিক্ষক, গবেষক ও কন্টেন্ট তৈরির সক্ষমতা আছে; এখন প্রয়োজন প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে সেই সেতুবন্ধন তৈরি করা।

কেমন হবে প্রাথমিক থেকে এইচএসসি পর্যন্ত পাঠক্রম?
আমার প্রস্তাবনা সুস্পষ্ট। বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবিকে আবশ্যিক মূল কোর্স হিসেবে চালু করতে হবে দ্বিতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে— বর্ণমালা, সঠিক উচ্চারণ, দৈনন্দিন শব্দভাণ্ডার, সালাম-পরিচয় ও ছোট সূরার অর্থসহ শিক্ষা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে— সহজ ব্যাকরণ, অনুবাদ, কথোপকথন এবং নির্বাচিত কুরআনিক শব্দের অর্থ ও নৈতিক শিক্ষা।
নবম-দশম শ্রেণিতে— চিঠি লেখা, অনুচ্ছেদ রচনা, কর্মক্ষেত্রের প্রয়োজনীয় আরবি পরিভাষা, যেমন- নির্মাণ, স্বাস্থ্য, হোটেল, পরিবহন খাতের ভাষা। একাদশ-দ্বাদশ শ্রেণিতে— প্রাতিষ্ঠানিক যোগাযোগ, পেশাগত আরবি ও উচ্চতর পাঠ অনুধাবন। তবে শিক্ষা হবে আনন্দময়। শুধু মুখস্থ নয়, শোনা, বলা, পড়া, লেখা—চারটি দক্ষতার সমন্বয়। প্রতিটি স্কুলে আরবি ভাষা ক্লাব, বিতর্ক, অলিম্পিয়াড ও ডিজিটাল অ্যাপভিত্তিক অনুশীলন চালু করতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সম্ভাবনার দুয়ার : এই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারই পারবেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে। কারণ তাঁর রক্তে রয়েছে রাষ্ট্রগঠনের ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনিই সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে এদেশের ধর্মীয় চেতনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছিলেন। তাঁর সহধর্মিণী, আপসহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও জাতীয়তাবাদের জন্য যে আপসহীন সংগ্রাম করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই ঐতিহ্যের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান—একজন উচ্চশিক্ষিত চিকিৎসক, মানবিক ও রুচিশীল ব্যক্তিত্ব—যাঁর প্রেরণা ও শিক্ষা এই পরিবারকে আরও আলোকিত করেছে। তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান নতুন প্রজন্মের কাছে শিক্ষা ও আধুনিকতার প্রতীক। এই পরিবারটি শুধু একটি রাজনৈতিক পরিবার নয়, এটি বাংলাদেশের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। একজন বিএনপি পরিবারের সন্তান হিসেবে আমি গভীরভাবে বিশ্বাস করি, তারেক রহমানের মতো দেশপ্রেমিক, শিক্ষানুরাগী ও দূরদর্শী নেতার হাত ধরেই আরবি ভাষা শিক্ষার এই যুগান্তকারী সংস্কার সম্ভব। তিনি যদি এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করেন, তবে ইতিহাসে তাঁর নাম একজন শিক্ষা সংস্কারক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে, আমি নিজেও একটি বিএনপি পরিবারের সন্তান হিসেবে বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার প্রকৃত সার্থকতা জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যে। রাজনৈতিক প্রতিশ্রুতি তখনই ইতিহাস হয়ে ওঠে, যখন তা বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন করে। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা, তিনি আরবি ভাষা শিক্ষাকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক মূল কোর্স হিসেবে চালুর বিষয়টি অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে কোরআনের অর্থ ও মর্মার্থ বোঝার জন্য বয়সোপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করবেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়বে, অন্যদিকে নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে। আমাদের সন্তানরা বাংলা ভাষায় নিজের শেকড় চিনবে, ইংরেজিতে বিশ্বের সঙ্গে যোগাযোগ করবে, আরবিতে ধর্মীয় জ্ঞান অর্জন ও মধ্যপ্রাচ্যের মানুষের সঙ্গে কথা বলবে। প্রয়োজন অনুযায়ী চীনা, জাপানি কিংবা অন্য ভাষাও শিখবে। এমন বহুভাষিক, দক্ষ, শিক্ষিত ও নৈতিক প্রজন্মই গড়ে তুলতে পারে আত্মমর্যাদাশীল, সমৃদ্ধ ও বিশ্বদরবারে সম্মানিত বাংলাদেশ। প্রধানমন্ত্রী যদি এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করেন, তাহলে আগামী দিনের ইতিহাসে তাঁর নাম একটি দূরদর্শী শিক্ষাসংস্কারের উদ্যোক্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এটাই আমাদের প্রত্যাশা। ইসলামের আলো, শিক্ষার আলো ও জ্ঞানের আলো প্রতিটি ঘরে পৌঁছে যাক। প্রবাসীর কর্মদক্ষতা বাড়ুক, তরুণদের কর্মসংস্থান হোক, পরিবারে ফিরে আসুক শান্তি ও নৈতিকতার বন্ধন। ইহকাল ও পরকালের কল্যাণের পাশাপাশি একটি উন্নত, মানবিক ও মর্যাদাবান বাংলাদেশ গড়ে উঠুক।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন