Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৩:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২৬ , ৩:২৬ অপরাহ্ণ

নওগাঁয় ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, ৩৬ ঘণ্টার অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, সাতটি ব্যাংকের এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁর বদলগাছী থানার আক্কেলপুর মধ্যেপাড়ার বাসিন্দা মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। ২০১৫ সালে তাঁর চলতি হিসাবের বিপরীতে ১ লাখ টাকা সীমার ‘খিদমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ অনুযায়ী, তিনি ওই কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। শুরুতে প্রতিটি লেনদেনে ১ লাখ টাকার কম পাঠালেও পরে তা বাড়িয়ে প্রতিবার ২ লাখ ৫০ হাজার টাকা করে স্থানান্তর করা হয়, যা অনুমোদিত সীমার অনেক বেশি।

২০২৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেন। মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. হাসিবুর রহমান নিজে অভিযানে অংশ নেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী বগুড়ার বাসার শোবার ঘরে কাঠের আলমারির ভেতরে ব্যাগে রাখা অবস্থায় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধার করা হয় – আত্মসাৎকৃত ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের ৩টি চেক বই, অপরাধে ব্যবহৃত ২টি স্মার্টফোন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দম্পতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে তোলা টাকা দিয়ে বগুড়ায় ১ কোটি ৫০ লাখ টাকায় জমি কিনেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছিলেন।

এই জালিয়াতির সঙ্গে অন্য কেউ বা ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত ছিলেন কি না, তা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন