গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪২০ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সংগঠনটির সভাপতি মো. সজীবের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ জাওয়াদ কবির ও সদস্য মারজিয়া মাকিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক প্রান্ত সাহা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শেখ সাজিদসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরগুনা থেকে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট, চাবির রিং ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সার্টিফিকেট, ক্রেস্ট, চাবির রিং ও ফুল দিয়ে বিদায়ী সম্মাননা জানানো হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর ড. এস এম আহসান বরিশালে কাটানো নিজের পুরোনো স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বরিশাল অ্যাসোসিয়েশন একটি পরিবার।’ এ সময় তিনি শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বই কিনে দেওয়ার অঙ্গীকার করেন। তবে বই পড়ার পর সংশ্লিষ্ট বইয়ের বিষয়বস্তু ও সারমর্ম তাঁকে বুঝিয়ে বলতে হবে বলেও শর্ত দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রত্যেকে নিজের নাম, জেলা এবং বরিশাল বিভাগের কোন বিষয়টি তাঁদের ভালো লাগে, তা তুলে ধরেন। পাশাপাশি প্রধান অতিথির উপস্থিতিতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্বে কয়েকজন শিক্ষার্থী জানান, পরিবার ছেড়ে বিশ্ববিদ্যালয়ে আসার পর যে বিচ্ছেদবোধ তৈরি হয়, নিজ এলাকার মানুষের সঙ্গে একই সংগঠনের মাধ্যমে একত্রিত হতে পেরে তা অনেকটাই দূর হয়। এতে তাঁরা নিজেদের মধ্যে এক ধরনের পারিবারিক বন্ধন ও স্বস্তি খুঁজে পান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত জেলা ভিত্তিক ছাত্রকল্যাণ সমিতি গঠিত হলেও গোবিপ্রবিতে বরিশাল বিভাগের ছয় জেলা নিয়ে একটি বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি গঠিত হয়েছে। শিক্ষার্থীরা এ উদ্যোগকে বরিশাল বিভাগের ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখছেন। তাঁদের মতে, জেলার ভিন্নতা থাকলেও সবাই একই পরিবারের সদস্য; এখানে কোনো ভেদাভেদ নেই।
আজকালের কন্ঠ/আর বি