বরিশাল বিভাগের ছয় জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সংহতি, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’ গঠনের প্রস্তাব উঠেছে। প্রস্তাবিত সংগঠনের সংগঠক হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক দুলাল সাহা।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) এ সংগঠন গঠনের প্রস্তাব সামনে আসে। সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে সাংবাদিক সমাজের মধ্যে বিভেদ ভুলে পেশাগত স্বার্থে একটি শক্তিশালী ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম গড়ে তোলা জরুরি।
বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা—এই ছয় জেলার পেশাদার, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। আঞ্চলিক ও জাতীয় গণমাধ্যমে কর্মরত প্রকৃত সংবাদকর্মীদের স্বার্থ সংরক্ষণে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রস্তাবিত সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
১. পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা: সাংবাদিকদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা।
২. নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
৩. অপসাংবাদিকতা রোধ: হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ভূমিকা রাখা।
৪. আন্তঃসম্পর্ক উন্নয়ন: তরুণ ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
৫. বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুশাসন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করা।
৬. সংকটকালে পাশে দাঁড়ানো: বরিশাল বিভাগের ছয় জেলার যেকোনো প্রান্তের সাংবাদিকদের সুখে-দুঃখে এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো।
প্রস্তাবিত এ সংগঠনের মাধ্যমে বরিশাল বিভাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আজকালের কন্ঠ/আর বি