নেত্রকোণার কলমাকান্দায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
শুক্রবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সালেঙ্গা গ্রামের বাসিন্দারা পাবই বাজার কলমাকান্দা সড়কে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, গত ৩০ অক্টোবর ২০২৬ রাতে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় লোহার রড, বল্লমসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বক্তারা বলেন, নির্মম এ হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার সম্পন্ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন নিহত সাদ্দামের বাবা মো. আব্দুল হাশিম, স্ত্রী বৃষ্টি আক্তার, বোন মোছা. শেফালী আক্তার, স্থানীয় ওয়ার্ড সদস্য মো. কামাল মিয়া এবং এলাকাবাসী মো. কাদির ও মো. আজিজ মিয়া। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।