Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৬ , ৫:৫৭ অপরাহ্ণ

থানচি মদক সীমান্তে ৫৭ বিজিবি-স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা ও শিশুদের টিকাদান কর্মসূচি

লেখকঃ মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে দূর্গম মদক সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শিশুদের জন্য টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। “অপারেশন উত্তরণ”-এর আওতায় মানবিক কাজের অংশ হিসেবে ব্যাটালিয়নটি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ২০২৬ তারিখ (বুধবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং থানচি উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের যৌথ উদ্যোগে বান্দরবান থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং শিশুদের টিকাদান কর্মসূচী পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত মদক এলাকার ১৮টি পাড়ার বসবাসরত ০-১১ বছর বয়সী আনুমানিক ৫০ জনের অধিক শিশুকে সরকারী ইপিআই টিকাসহ অন্যান্য সকল প্রকার টিকা (হাম-রুবেলা, টাইফয়েড, সার্ভিক্স ভ্যাকসিন ইত্যাদি) প্রদান করা হয়।

এছাড়াও, বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ আরও ৭৫-৮০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে ”বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।

সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম ও টিকাদান কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ধরণের মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন