Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ২:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লেখকঃ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুলি বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলার জুলি বস্তি এলাকার মো. আসাদ আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির শয়নকক্ষ থেকে আসাদ আলী ও তার সহযোগী মো. খায়রুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বেলছাড়া জুলি বস্তি এলাকার মৃত আশির উদ্দীনের ছেলে মো. আসাদ আলী (৪৯) এবং একই উপজেলার পূর্ব বড়গছিয়া এলাকার মো. নুর হোসেনের ছেলে মো. খায়রুল আলম (৪০)।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে সর্বমোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন