ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের ছেলে খাইরুল ইসলাম ও তাঁর সহোদর ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার।
স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৯টার দিকে কাশীপুর এলাকায় আব্দুর রশিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ২০ থেকে ২২ জনের একটি দল মিছিল করার চেষ্টা করে। তারা স্লোগান দিলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। এ সময় কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি