Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১২, ২০২৬ , ৭:২৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৯ম বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্‌যাপন

লেখকঃ কুবি প্রতিনিধি

মার্কেটিং ইন দ্যা এইজ অফ এ আই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ৯ম বাংলাদেশ মার্কেটিং দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে সমকালীন মার্কেটিংয়ের ধারণা, কৌশল ও প্রয়োগকে পরিবর্তন করছে, তা বিশেষভাবে তুলে ধরা হয়। ভোক্তার আচরণ বিশ্লেষণ, ভোক্তা-অন্তর্দৃষ্টি তৈরি, মার্কেটিং গবেষণা, ব্র্যান্ড ব্যবস্থাপনা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আয়োজন শুরু হয়। পরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ আল জামিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. ময়নুল হাসান। তিনি বাংলাদেশ মার্কেটিং দিবসের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্‌যাপন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আয়োজনের সমন্বয়ে ছিলেন স্টুডেন্ট অ্যাডভাইজার সহকারী অধ্যাপক নিশারত নিগার এবং অনুষ্ঠানের সদস্যসচিব আফজাল হোসেন। এ ছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনায় একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তাও গুরুত্ব পায়। যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রকল্প এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ মার্কেটিং পেশাজীবীদের বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা ও কৌশলগত চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি )-এর উদ্যোগে দেশব্যাপী বাংলাদেশ মার্কেটিং দিবস উদ্‌যাপিত হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। এবারের ৯ম বাংলাদেশ মার্কেটিং দিবসের প্রেজেন্টিং পার্টনার হিসেবে ছিল আকিজ ইনসাফ ।

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন