সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) চিকিৎসার নামে অনিয়ম ও অর্থ আদায়ের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হাসপাতালে নবজাতক ওয়ার্ডে ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক আউটসোর্সিং কর্মচারীর বিরুদ্ধে। এমনকি তিনি নিজেই চিকিৎসকের মতো ভূমিকা পালন করে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, সম্প্রতি শ্যামনগর উপজেলার নাজমা খাতুন তাঁর অসুস্থ নবজাতককে সামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। এ সময় ওয়ার্ডে বেড বরাদ্দের কথা বলে রবিউল তাঁর কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নেন। এর কিছু সময় পর শিশুটির বুকে কফ জমার সমস্যা জানালে তা পরিষ্কার করে দেওয়ার কথা বলে আরও ১০০ টাকা আদায় করেন ওই কর্মচারী। নাজমা খাতুনের দাবি, টাকা নেওয়ার সময় রবিউল অজুহাত দেখিয়ে বলেন যে তাঁদের কোনো বেতন দেওয়া হয় না, তাই রোগীর স্বজনদের কাছ থেকে যা আদায় হয় তা দিয়েই তাঁদের সংসার চলে। একই ধরনের অভিযোগ তুলেছেন আশাশুনি থেকে আসা আরেক রোগীর স্বজন আজিজুল ইসলাম। তাঁর ভাষ্যমতে, শিশু ওয়ার্ডে বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে রবিউল নিয়মিত টাকা নেন এবং প্রতিবাদ করলে স্বজনদের সঙ্গে চরম অসদাচরণ করেন।
এদিকে কর্মচারীদের বেতন না পাওয়ার এই অজুহাত সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সালমান হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আউটসোর্সিং কর্মচারীদের নিয়মিত বেতন দেওয়া হয় এবং রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে তথ্য-প্রমাণসহ সুনির্দিষ্ট প্রতিবেদন তৈরি করে হাসপাতালের পরিচালককে অবহিত করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত রবিউল ইসলাম সন্তোষজনক কোনো উত্তর না দিয়ে উল্টো উদ্ধত আচরণ করেন। তিনি বলেন, এ বিষয়ে যা বলার কর্তৃপক্ষকে বলবেন, কারণ তাঁরা যা করেন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করেন।
সরকারি ও বিনামূল্যে চিকিৎসাসেবার এই প্রতিষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে এ ধরনের অর্থ আদায় জনস্বাস্থ্য সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। ভুক্তভোগী ও সচেতন মহলের জোরালো দাবি, অবিলম্বে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
আজকালের কন্ঠ/আর বি