Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১০, ২০২৬ , ৪:২৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২৬ , ৪:০৬ অপরাহ্ণ

ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ৩০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩

লেখকঃ মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরে এ ঘটনা ঘটায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ৩ (তিন) জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মোঃ রোহান ইসলাম (১৬), পিতা সজল, মাতা সীমা বেগম, বাড়ি ৩৬, বাড়িকলোনী, ময়মনসিংহ; মোঃ রবিউল আওয়াল (১৭), পিতা মোঃ ওসমান গণি, মাতা মৃত রহিমা খাতুন, আকুয়া হাবুন ব্যাপারী মোড়, ময়মনসিংহ এবং হাসিবুর রহমান পিয়াস (২১), পিতা মাহমুদুর রহমান উজ্জ্বল, মাতা হাসিনা, আকুয়া মোড়লবাড়ী, ময়মনসিংহ।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তারা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন