Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ

রায়পুরে মেঘনা নদীতে ১০ ড্রেজারে বালু উত্তোলন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার ৮ নম্বর চরবংশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাচিয়া এলাকায় ৮ থেকে ১০টি শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে নদীর তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে ৮ থেকে ১০ জনের একটি চক্র এ কর্মকাণ্ড পরিচালনা করছে। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ড্রেজারের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা।

অভিযোগের বিষয়ে যাদের নাম স্থানীয়ভাবে উঠে এসেছে, তারা হলেন—মফিজ সরকার, রুবেল হাওলাদার, রাসেল খলিফা, রাসেল বেপারী, সুমন বেপারী, হামিদ সরকার ও দুলাল মোল্লাসহ আরও কয়েকজন। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চললেও কার্যকর কোনো পদক্ষেপ তাঁদের চোখে পড়ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন নাহারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে সংবাদে যুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বালু উত্তোলন বন্ধ, অভিযোগ তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে নদীভাঙনে ফসলি জমি ও বসতভিটা হারানোর ঝুঁকি আরও বাড়বে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন