Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৬:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি অংশ ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের অন্তত আট গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে বুকসমান পানি মাড়িয়ে কিংবা সাঁতরে নদী পার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নারী, শিশু ও বয়স্কদের।

উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত স্থানে নদীর ওপর নির্মিত সাঁকোটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০০ ফুট দীর্ঘ সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে গেছে। ফলে স্বাভাবিকভাবে চলাচলের কোনো সুযোগ নেই। কেউ বুকসমান পানিতে হেঁটে, কেউ সাঁতরে নদী পার হচ্ছেন। আবার কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকোর অবশিষ্ট অংশ ব্যবহার করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ। করিমের ঘাট ও নবিউলের ঘাট নামে পরিচিত স্থানে ইজারাদারের মাধ্যমে নৌকায় পারাপার হতেন তাঁরা। পরবর্তী সময়ে নদীর প্রশস্ততা কমে আসায় স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর থেকে প্রায় দেড় যুগ ধরে এ সাঁকোই হয়ে ওঠে দুই পাড়ের মানুষের চলাচলের প্রধান মাধ্যম।

প্রতিবছর বর্ষা মৌসুমের আগে স্থানীয় উদ্যোগে সাঁকোটি মেরামত করা হলেও দীর্ঘদিন সংস্কার না করায় বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দুই থেকে তিন মাস আগে সাঁকোটির বড় একটি অংশ ভেঙে যায়। এরপর থেকেই দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজারসহ পার্শ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা মিনতি রানী মাথায় বাদামের বোঝা নিয়ে বুকসমান পানি মাড়িয়ে নদী পার হচ্ছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “খালি ছবি তোলেন বাহে। দুই-তিন মাস ধরে এত কষ্ট করে নদী পারাপার হচ্ছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিতে আসেননি। ছেলেমেয়েদেরও অনেক কষ্ট করে নদী পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা আর এ দুর্ভোগ সহ্য করতে পারছি না। দ্রুত সাঁকোটি মেরামত করা হোক।”

স্থানীয় মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, এ পথ দিয়ে প্রতিদিন এলাকার হাজারো মানুষ নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। এ ছাড়া দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত মেরামত করা না হলে তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে তাদের অনেক কষ্ট হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় কখনো সাঁতরে, আবার কখনো ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানিয়েছে তারা।

নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য খামারি আতাউর রহমান রতন বলেন, বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত এ সাঁকোটি দুই পাড়ের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। দুই-তিন মাস আগে সাঁকোটি ভেঙে যাওয়ার পর থেকে মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। অনেকে বুকসমান পানিতে নেমে পারাপার করছেন। দ্রুত সাঁকোটি মেরামত অথবা টেকসইভাবে নতুন সাঁকো নির্মাণের দাবি জানান তিনি।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী জানান, ভেঙে যাওয়া সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মাণ করা হলে দুই পাড়ের হাজারো মানুষের দুর্ভোগ দূর হবে। জনস্বার্থে দ্রুত সাঁকোটি পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে সাঁকোটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক। এতে আট গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন