Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৪:৪২ অপরাহ্ণ

ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো হওয়ার অভিযোগ, পাঁচ মাসেও বিচার না পাওয়ার দাবি পরিবারের

লেখকঃ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও শিক্ষার্থীরাও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিতেন। একপর্যায়ে তাঁর স্টিলের বেতের আঘাতে আমার মেয়ে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। পরে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে সুমাইয়া কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া এবং জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার হাত পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।

ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সুমাইয়ার ঘটনার প্রায় দুই মাস পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাতের অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী অসুস্থ হয়ে কয়েকবার বমি করে।

এদিকে সংবাদ সম্মেলনের পর ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয়স্থল। সেখানে শিক্ষকের হাতে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠার পরও বিষয়টির যথাযথ নিষ্পত্তি হওয়া জরুরি।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “ঘটনাটি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রায় দুই মাস আগে লিখিত অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে।”

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।্ররাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের সুবাস,বাম্পার ফলনের আশা কৃষকের

 

রায়হানুল হক রায়হান
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন বইছে সুগন্ধি আতব ধানের সুবাস। যতদূর চোখ যায়,সোনালী ধানের শীষে রঙিন হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।

কৃষকের নিরলস পরিশ্রম এবং অনুকূল আবহাওয়ায় চলতি আমন মৌসুমে আতব ধানের বাম্পার ফলনের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে ফসলে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় কৃষকদের মুখেও ফুটেছে হাসির ঝিলিক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্পন্ন হয়েছে। এর মধ্যে শুধু সুগন্ধি জাতের আতব ধান চাষ হয়েছে ৯ হেক্টর জমিতে এবং আগাম জাতের বি-৯০ ধান চাষ হয়েছে ৬৫ হেক্টর জমিতে।

ইতোমধ্যে আগাম জাতের ধান পেকে যাওয়ায় বর্তমানে ধান কর্তনের কাজ প্রায় শেষের দিকে। অনুকূল আবহাওয়ার পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থার সুফল পেয়েছেন স্থানীয় চাষিরা।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)২৫৭টি গভীর নলকূপ,২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে পানি উত্তোলনের জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে জমিতে নিরবচ্ছিন্ন সেচ দেওয়া সম্ভব হয়েছে।

এছাড়া যথাসময়ে চারা রোপণ এবং সারের কোনো সংকট না থাকায় ফসলের গুণগত মানও অত্যন্ত সন্তোষজনক হয়েছে।উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামের কৃষক মো. কামাল হোসেন বলেন,আমি এবার ১০ বিঘা জমিতে সুগন্ধি জাতের আতব ধান লাগিয়েছি।

আশা করছি,ধান পুরোপুরি পাকা পর্যন্ত প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে ইনশাআল্লাহ ভালো ফলন পাবো।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. মোস্তাকিমা খাতুন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯ হেক্টর জমিতে সুগন্ধি জাতের ধান উৎপাদিত হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সুষম সার ব্যবহার, সঠিক সময়ে চারা রোপণ এবং আগাম জাতের পাশাপাশি সুগন্ধি আতব ধান চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। পাশাপাশি নিয়মিত উঠান বৈঠক ও মাঠ পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান,আগাম জাতের ধান কাটার পরপরই যেন কৃষকরা একই জমিতে সরিষা ও আলু আবাদ করতে পারেন, মূলত সেই পরিকল্পনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। অনুকূল আবহাওয়া ও সঠিক ব্যবস্থাপনার কারণে রাণীনগরে এবার রোপা-আমনে সুগন্ধি জাতের আতব ধানের প্রত্যাশিত বাম্পার ফলন অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন