Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৯, ২০২৬ , ৪:৪২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৬ , ৪:২৩ অপরাহ্ণ

রাবিপ্রবিতে জিইডি কোর্স হিসেবে প্রজেক্ট ম্যানেজমেন্ট চালুর পরিকল্পনা: রাবিপ্রবি উপ-উপাচার্য

লেখকঃ রাবিপ্রবি প্রতিনিধি

প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সটি বিশ্ববিদ্যালয়ে জেনারেল এডুকেশনাল ডেভলাপমেন্ট (জিইডি) কোর্স হিসেবে চালু করা হবে এবং প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের এ কোর্স পড়তে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপ-উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে ‘ম্যানেজমেন্ট ডে’ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় অনুষদের ডিন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রহিম উদ্দিন।

বক্তব্যে অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, “সব জায়গায় ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। একটি ইভেন্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, একটি ফ্যামিলি ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, একটি বিজনেস ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। বিশেষ করে শিক্ষকরা যখন গবেষণা করেন, তখন প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। আমরা আশা করি, আমাদের প্রত্যেক শিক্ষার্থী শুধু নিজ নিজ বিষয়ভিত্তিক জ্ঞানই নয়, অন্যান্য বিষয়েও দক্ষতা অর্জন করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবে এবং সারা দেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে নিয়ে আসবে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহনা বিশ্বাস। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১তম বছর পেরিয়ে ১২তম বছরে পদার্পণ করেছে রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিভাগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ম্যানেজমেন্ট ডে’ উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে নানান আয়োজনে দিনটিকে উদযাপন করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন