বরিশালের আগৈলঝাড়ায় গভীর রাতে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল দুর্গম ও যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের সবকিছু পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাপাড়া গ্রামের মনিরুল হাওলাদার উজ্জ্বল কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন। বাড়িতে তাঁর স্ত্রী সেলিনা বেগম, স্কুলপড়ুয়া দুই মেয়ে ও বৃদ্ধা মা বসবাস করেন। প্রতিদিনের মতো রোববার রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ তাঁদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় সেলিনা বেগম দ্রুত দুই মেয়েকে ও তাঁর শাশুড়িকে নিয়ে ঘর থেকে বের হতে সক্ষম হন। প্রাণে রক্ষা পেলেও চোখের সামনেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় তাঁদের বসতঘর ও ঘরে থাকা সব মালামাল। পরিবারের সদস্যদের চিৎকার এবং স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা যে যার মতো পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে বসতঘরটির সবকিছু পুড়ে শেষ হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
সোমবার দুপুরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে সেলিনা বেগমের সঙ্গে কথা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুন আমার সবকিছু শেষ করে দিয়েছে। ঘরের কোনো জিনিসই রক্ষা করতে পারিনি। পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই।’ আগুনের সূত্রপাত নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, কোনো ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
তবে এ বিষয়ে তিনি কারও নাম উল্লেখ করেননি।
এদিকে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মো. জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে পরিবারটির মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও বেসরকারি সহায়তার প্রত্যাশা করছে।
আজকালের কন্ঠ/আর বি