রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ফ্যাশন শোতে দর্শকদের স্লোগানকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ওই অনুষ্ঠানে পারফরম্যান্সের শেষ পর্যায়ে তাঁকে উদ্দেশ করে দর্শকদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন আয়োজনের শেষ দিন ছিল রোববার। অনুষ্ঠানে পরীমনির পারফরম্যান্স চলাকালে দর্শকদের একাংশের স্লোগান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্লোগানের জবাবে পরীমনি দর্শকদের দিকে মধ্যমা আঙুল দেখান। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। ওই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাঁর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আজকালের কন্ঠ/আর বি