নাটোরের গুরুদাসপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের জনসভাস্থল থেকে বোমাসদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করেছে। বস্তুটি আসলে কী এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের পর সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ।
এ ঘটনার পর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এমপি আজিজের সমর্থকরা গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভার আয়োজন করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের উপস্থিতি থাকার কথা আছে। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এমপি আব্দুল আজিজ জনসভাস্থলে উপস্থিতও ছিলেন। এর মধ্যেই মাঠ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি