দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ পরিবেশ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করেন তারা।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আযম সোহেল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তাজ, যুগ্ম আহ্বায়ক সুমন ডলার, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক এবং সদস্য সচিব মো. ফরহাদ রহমান প্লাবন।
এ ছাড়া জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে হাসপাতালের পরিবেশ উন্নয়নে সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর বি