ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভার পরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত ঐতিহাসিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শক ও শিক্ষার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।
এরপরেই জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকবৃন্দের রায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহাবুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধায়ক ডা. জয়ন্ত কুমার সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। দিনব্যাপী এই আয়োজনে তরুণ প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ও সংস্কৃতির চেতনা ছড়িয়ে পড়ে।
আজকালের কন্ঠ/আর বি