পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খোকন হোসেন, উপপরিচালক মাহফুজুর রহমান, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, আব্দুল্লাহ আল নাহিদ, রাকিব মৃধা, কর্মচারী প্রতিনিধি মোশাররফ হোসেন ও মাহবুব হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি