পর্দায় ‘রামায়ণ’ মহাকাব্যের নায়ক রামের সঙ্গী সীতা। তবে বাস্তব জীবনে নিজের জীবনসঙ্গী কেমন চান দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী? সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এ প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। সঞ্চালক অমিতাভ বচ্চনের প্রশ্নে জীবনসঙ্গীর মধ্যে নিজের পছন্দের কয়েকটি গুণের কথা তুলে ধরেন তিনি।
দীপাবলি উপলক্ষে বিশেষ পর্বে হাজির হয়েছিলেন আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর তিন তারকা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। সেখানেই সাই পল্লবীকে প্রশ্ন করেন অমিতাভ বচ্চন, জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি?
উত্তরে অভিনেত্রী প্রথমেই বলেন, মানুষ হিসেবে ভালো হতে হবে। তবে শুধু ভালো মানুষ হলেই চলবে না, জীবনসঙ্গীর মধ্যে আরও কিছু গুণ থাকা জরুরি বলে মনে করেন তিনি।
সাই পল্লবী জানান, তার জীবনসঙ্গী যেন আত্মকেন্দ্রিক না হন। পাশাপাশি নিজের কাজ, চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন হওয়াও জরুরি। নিজের ভুল বুঝতে পারা এবং অন্যের ওপর দোষ না চাপিয়ে আত্মসমালোচনা করার মানসিকতাও থাকতে হবে তার মধ্যে।
জীবনসঙ্গীর গুণের তালিকা দিতে গিয়ে একপর্যায়ে অভিনেত্রী মজার ছলে বলেন, ‘আমি অনেক বড় তালিকা দিয়ে ফেলছি। কিন্তু মানুষ ভালো হওয়াটা জরুরি। এসবের সঙ্গে রান্না জানলে আরও ভালো।’
সাই পল্লবীর এই বক্তব্যে সম্পর্কের ক্ষেত্রে আত্মসচেতনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব উঠে এসেছে। তার মতে, সম্পর্কে শুধু ভালোবাসা কিংবা ভালো ব্যবহারই যথেষ্ট নয়, নিজের আচরণ নিয়েও ভাবতে জানতে হয়। কোনো ভুল হলে তা স্বীকার করা, প্রয়োজনে ক্ষমা চাওয়া এবং নিজেকে সংশোধনের চেষ্টা করাও গুরুত্বপূর্ণ।
বিশেষ করে নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে তা মেনে নেওয়ার মানসিকতাকে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিজের সীমাবদ্ধতা বুঝতে পারাও একটি সুস্থ সম্পর্কের জন্য জরুরি।
সাই পল্লবীর মতে, দুজন মানুষই যদি নিজেদের চিন্তাভাবনা ও আচরণ সম্পর্কে সচেতন থাকেন এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক আরও সুন্দর ও সহজ হয়ে ওঠে।