বিএনপি সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
তিনি বলেন, ফ্যাসিস্টদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বিএনপি। বিচারের জায়গায় তারা আপস করেছে। গণমাধ্যমের অপপ্রচার রুখতে এবং সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেও সরকার ব্যর্থ হয়েছে। বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, কিন্তু তাঁর দলের অধিকাংশ নেতাই আপসকামী। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য আওয়ামী লীগের সঙ্গে আপস করেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে আছি, ভবিষ্যতেও থাকব।তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করা, দলীয় কার্যক্রমে গতিশীলতা আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দিনাজপুরে আঞ্চলিক সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনাজপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে করণীয় নির্ধারণসহ ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় নিলফমারী থেকে আগত দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি