ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর চাহিদা, সম্ভাবনা, সুযোগ-সুবিধা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভার আয়োজন করে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাসেল আহমেদ এবং সমবায় অফিসের পরিদর্শক শান্তি বিশ্বাস।
সভাটি সঞ্চালনা করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, প্রয়োজন, সম্ভাবনা এবং বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এসব জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে নারী, যুবক, কৃষক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়ায় অবস্থিত বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা সভাটির আয়োজন করে এবং সহযোগিতা করে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।
আজকালের কন্ঠ/আর বি