নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে ধরতে অভিনব কৌশল অবলম্বন করেছেন এক স্বামী। স্ত্রীর পরিচয়ে মেসেজ দিয়ে নির্জন বাঁশঝাড়ে ডেকে এনে মো. মাসুদ রানা (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার ট্রাক্টরচালক মাসুদ রানার প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূর স্বামী স্ত্রীর ব্যবহৃত স্মার্টফোনটি নিজের নিয়ন্ত্রণে নেন। এরপর স্ত্রীর পরিচয়ে মাসুদের সঙ্গে মেসেজে কথা বলতে শুরু করেন তিনি।
একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করার কথা বলে মাসুদকে সেখানে আসতে বলা হয়। প্রেমিকার সঙ্গে দেখা করতে মাসুদ বাজার থেকে সন্দেশ কিনে বাঁশঝাড়ে হাজির হন। তবে সেখানে গিয়ে প্রেমিকার পরিবর্তে মুখোমুখি হন তার স্বামীর। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
অন্যদিকে, ওই গৃহবধূর দাবি, মাসুদের সঙ্গে তার ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তার স্বামী কৌশলে মেসেজ দিয়ে মাসুদকে সেখানে ডেকে এনেছেন।
স্থানীয়দের ভাষ্য, মাসুদ প্রায়ই ওই এলাকায় যাতায়াত করতেন। তবে কী কারণে তিনি সেখানে যেতেন, তা আগে জানা ছিল না।
এ বিষয়ে ডোমার থানা পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে মাসুদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি