Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ৫, ২০২৬ , ১২:৫২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৬ , ১০:২৪ পূর্বাহ্ণ

স্বায়ত্তশাসনের দাবি ঘিরে বিতর্ক, ডাকসুর ব্যাখ্যা চায় পিসিসিপি

লেখকঃ আহমদ বিলাল খান, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন এবং ‘আদিবাসী’ স্বীকৃতির দাবিতে দেওয়া একটি প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটি জানতে চেয়েছে, প্রস্তাবটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আনুষ্ঠানিক অবস্থান, নাকি হেমা চাকমার ব্যক্তিগত মত।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে হেমা চাকমা ডাকসুর নির্বাহী সিল ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে ‘আদিবাসী’ স্বীকৃতি ও তিন পার্বত্য জেলায় স্বায়ত্তশাসনের প্রস্তাব দেন বলে সংগঠনটি জানতে পেরেছে।

এ ঘটনায় ডাকসুর কাছে সিল ব্যবহারের বিষয়টি পরিষ্কার করা এবং প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানোর দাবি জানিয়েছে পিসিসিপি। একই সঙ্গে প্রস্তাবটির বিরোধিতা করে সংগঠনটি বলেছে, পার্বত্য চট্টগ্রামের সাংবিধানিক ও ঐতিহাসিক বাস্তবতা বিবেচনায় না নিয়ে এমন দাবি গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিতে অঞ্চলটিকে উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। স্বায়ত্তশাসনের দাবিকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন