নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের আলোচিত দুর্ধর্ষ চুরি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অন্তর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ এস আই আজাদ, এ এস আই মুস্তাক, এ এস আই তাজিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি অন্তর শেখকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির নাম অন্তর শেখ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ৯টার দিকে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় প্রতিবেশী শরিফুল শেখ কৌশলে তারেক শেখের বাড়িতে খিচুড়ি দিয়ে যায়। ওই খিচুড়ি খেয়ে তার স্বামী অচেতন হয়ে পড়ে। ওইদিন রাত দেড়টার দিকে ৩ জন দুষ্কৃতকারী বাড়ির সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গলার চেইন, দেড় ভরি ওজনের হাতের বালা, কানের দুল ও নাকফুল সহ আনুমানিক সাড়ে ৪ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. তারেক শেখের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অজ্ঞাতনামা ২/৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪০/২৫ (GR-L)
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির মামলার চার্জশিটভুক্ত তিনজন আসামিরা হলেন লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের হাকিম শেখ (সুফি সাব) এর ছেলে ইলিয়াস শেখ, চরঘোনাপাড়া গ্রামের মৃত বাদশা শেখের ছেলে শরিফুল শেখ, চরসুচাইল গ্রামের শেখ বাবর আলীর ছেলে অন্তর শেখ।
এর মধ্যে ইলিয়াস শেখ ও শরিফুল শেখকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। তারা দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।
তৃতীয় আসামি অন্তর শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে কখনোই আদালতে আত্মসমর্পণ করেনি এবং বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল।
পুলিশ আরও জানায়, অন্তর শেখের বিরুদ্ধে থানায় অন্তত দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে একটি যশোরে মোটরসাইকেল ছিনতাই মামলা এবং অন্যটি লোহাগড়া থানার চুরি মামলার পরোয়ানা।
স্থানীয়দের অভিযোগ, অন্তর শেখ এলাকায় চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত এবং ইলিয়াস শেখের নেতৃত্বাধীন চুরির দলের সক্রিয় সদস্য।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি অন্তরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের ফলে মামলার বিচার কাজে গতি আসবে।
আজকালের কন্ঠ/আর বি