দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর রাতব্যাপী পৃথক অভিযানে পাঁচজনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।বুধবার (৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করে কিশোরীগঞ্জ বিওপির টহলদল। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ লাইচু (২৭), মোঃ সাখাওয়াত (২৮), মোঃ ওমর ফারুক (৩৫), মোঃ মাজেদুর রহমান (৩২) ও মোঃ জাফরুল ইসলাম (২৩)। তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই রাতে এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপির পৃথক অভিযানে বিরল, হরিপুর ও পীরগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ এবং ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অবস্থান আপসহীন। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি