পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির নামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং সেই গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত মো. তাইজুল ইসলাম মুসা (৪০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানাধীন টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাইজুল ইসলাম মুসা পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের আ. রাজ্জাক মোল্লার ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে শুনে সুচিকিৎসার জন্য অভিযুক্ত কবিরাজ তাইজুল ইসলাম মুসার শরণাপন্ন হয়। কিন্তু অভিযুক্ত কবিরাজ চিকিৎসার আড়ালে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে অনৈতিক শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং তার সহযোগীদের সহায়তায় গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করে রাখে।
পরবর্তীতে ভিকটিমের পরিবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে বিয়ের প্রস্তাব দিলে সে তা সরাসরি প্রত্যাখ্যান করে। উল্টো অভিযুক্ত ও তার সহযোগীরা ধারণকৃত গোপন ভিডিওগুলো বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে ছড়িয়ে দেয়। এতে এলাকায় ভিকটিম ও তার পরিবার সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন ও সম্মানহানির শিকার হন। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল মামলা দায়েরের পর পলাতক প্রধান অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজকালের কন্ঠ/আর বি