জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বোটানি ডিবেটিং ক্লাবের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম শায়েরুজ্জামান শান্ত এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু সাহেল মোহাম্মদ ফাহাদ।
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী পরিষদের প্রস্তাব করা হয়। পরবর্তীতে ২৮ অক্টোবর বিভাগীয় মডারেটরস টিম ও একাডেমিক কমিটির সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটির মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৭ পর্যন্ত।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি শাহরিয়ার তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, দপ্তর ও অনুষ্ঠান সম্পাদক মো. সাইম আহমেদ শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আশিকুজ্জামান এবং অর্থ সম্পাদক সামিরা আক্তার।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শারমিন আক্তার নূপুর, আফসানা নিয়ার আনিকা, দীপায়ন সাহা দুর্জয়, সাদিয়া আক্তার সাথী, নিশাত খন্দকার, ফাহাদ ইকবাল, আবিদা রাফিয়া ও আবু ইউসুফ।
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিতর্কের লক্ষ্য শুধু ভালো বিতার্কিক তৈরি করা নয়; বরং যুক্তিবাদী, সচেতন ও আত্মবিশ্বাসী মানুষ গড়ে তোলা, যারা সত্য অনুসন্ধান করবে, ভিন্নমতকে সম্মান করবে এবং যুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, বোটানি ডিবেটিং ক্লাব তাঁর কাছে একটি পরিবারের মতো। এই পরিবারের দায়িত্ব গ্রহণ তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার মাধ্যমে ক্লাবটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে সুপরিচিত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী এক বছরে বিতর্কের উচ্চশিক্ষা, পাবলিক স্পিকিং ও স্পোকেন ইংলিশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এ লক্ষ্য অর্জনে আশাবাদী বলেও জানান তিনি।
আজকালের কন্ঠ/আর বি