রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে চালু হলো অনলাইন ই-এপয়েন্টমেন্ট (E-Appointment) কার্যক্রম। এর ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে টিকিট কেটে নির্ধারিত দিনে নির্দিষ্ট চিকিৎসকের কাছ থেকে সরাসরি চিকিৎসা সেবা নিতে পারবেন।
৩ নভেম্বর (মঙ্গলবার) মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলার কনফারেন্স রুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক সেবা চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রশিদ (এমপি)। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমান।
কর্তৃপক্ষ জানায়, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালটি ঢাকা ও এর আশপাশের অঞ্চলের সাধারণ মানুষকে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে। বর্তমানে এখানে ইনডোর ও আউটডোর সেবার পাশাপাশি জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে। নতুন এই অনলাইন ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার ফলে বহির্বিভাগে (Out-Patient Department) চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি দূর হবে এবং দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। আজ থেকেই রোগীরা এই অনলাইন সুবিধাটি উপভোগ করতে পারবেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুগদা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মোশারফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ মাহমুদ আলম তারেক, ন্যাশনাল কনসালটেন্ট ডা. শাহ আলি আকবর আশরাফি, ব্রিটিশ কাউন্সিলর এর ই-গভার্নেন্স এর টিম লিডার মি. আর্সেন সেপ্ট, স্বাস্থ্য অধিদপ্তরের এম আই এস এর ডেপুটি চীফ এবং ফোকাল পার্সন ডা. মো: ফারুক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন সুমন অনিরুদ্ধ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় ড্যাব এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিসিএস স্পেশালিষ্ট ডক্টরস ফোরাম এর সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন।
আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।