Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২, ২০২৬ , ৮:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৬ , ৬:৫০ অপরাহ্ণ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের কার্যালয়ে ড. শেখ আসিফ মিজানের মতবিনিময়

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

দেশ ও জাতির কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের আদর্শে বিশ্বাসী এবং দারুসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ মিজানের সাথে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. শেখ আসিফ মিজান কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। পরবর্তীতে পারস্পরিক কুশল বিনিময় শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সামাজিক ও মানবিক উদ্যোগ এবং দেশের সার্বিক উন্নয়নে পেশাজীবীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান ও শক্তিশালী করার তাগিদ দেন। একই সাথে, নতুন কমিটি গঠন এবং চলমান কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

প্রফেসর ড. শেখ আসিফ মিজান দেশের মানুষের কল্যাণে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পেশাজীবী দলকে আরও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। পাশাপাশি, বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, দেশ ও সমাজের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে সংগঠনের প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহাবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ এবং এএসএম আশিক উল্লাহসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন