Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ২, ২০২৬ , ১২:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২, ২০২৬ , ১০:১৬ পূর্বাহ্ণ

মোটরসাইকেল ফেরত চাওয়ায় পিটিয়ে হত্যা, ছেলেও গুরুতর আহত

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির কাজ করতেন। তাঁর ছেলে সাইফুল ইসলাম একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত চাওয়া হলেও ১৩ দিন ধরে তা ফেরত দেওয়া হয়নি।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তাঁর বাবা হোসেন মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে মোটরসাইকেলটি আনতে যান। এ সময় মোটরসাইকেল ফেরত দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল হোসেন, বিপ্লবসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এতে হোসেন মিয়া ও তাঁর ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মোটরসাইকেল ফেরত চাওয়াকে কেন্দ্র করে হামলায় একজন ব্যবসায়ীর প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন