Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১, ২০২৬ , ৮:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৬ , ৬:২২ অপরাহ্ণ

দেবিদ্বারে জাতীয় যুব দিবস উদযাপন: ৩১ তরুণ উদ্যোক্তাকে ৩১ লাখ টাকার যুবঋণ বিতরণ

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী, তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার এবং অধ্যাপক লোকমান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের সভাপতি, উদ্যোক্তা ও সাংবাদিক এ. আর. আহমেদ হোসাইন, উদ্যোক্তা শিরিন আক্তার, গোলাম রাব্বানী, মো. রমিজ উদ্দিন, মো. আবুল কাসেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অশোক বিক্রম চাকমা বলেন, “যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ নিজেদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৩১ জন প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ৩১ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। সহজ শর্তে দেওয়া এ ঋণ তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়া, নতুন ব্যবসা শুরু করা এবং বিদ্যমান ব্যবসা ও খামার সম্প্রসারণে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।

এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী সাত দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফল যুব উদ্যোক্তাদের উদ্যোগে নানা সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ, মাদকবিরোধী র‍্যালি, সভা-সমাবেশ, আলোচনা সভা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন