Header
প্রিন্ট তারিখঃ নভেম্বর ১, ২০২৬ , ৩:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১, ২০২৬ , ১:২৮ অপরাহ্ণ

লাখাইয়ে সাংবাদিক ও লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট বিএম তারেকের মোটরসাইকেল চুরি

লেখকঃ হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের বাসিন্দা, এসিআই কোম্পানির লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট এবং স্থানীয় সাংবাদিক বিএম তারেকের ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর শনিবার তিনি নিজ কর্মস্থল শেষ করে রাতে নিজ বাসায় ফেরেন এবং তার ডিসকভার ১২৫ সিসি বাইকটি যথাস্থানে নিরাপদে রাখেন। এরপরপরই রাতের কোনো এক সময়ে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা তার বাসায় হানা দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের পর তিনি দেখতে পান যে, তার শখের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই। বাসা থেকে বাইকটি সম্পূর্ণ গায়েব হয়ে গেছে।

​এর মাত্র কিছুদিন আগে গত ২৪ অক্টোবর শনিবার আসরের আযানের সময় তার বাসার সামনে রাখা এই মোটরসাইকেলের কিছু মূল্যবান পার্টস চুরি হয়েছিল। ঘন ঘন এমন চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ এলাকার সাধারণ মানুষের মাঝে বড় ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো একটি চোর চক্র পরিকল্পিতভাবে এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে।

​ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বিএম তারেক জানান, তিনি বর্তমানে মোটরসাইকেলের সমস্ত বৈধ কাগজপত্র গুছিয়ে নিচ্ছেন। খুব শীঘ্রই তিনি লাখাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরসহ আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় সচেতন মহল দ্রুত চুরি হওয়া ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন