এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার প্রেক্ষাপটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর ওপর হয়রানি বন্ধ এবং তাঁর বিরুদ্ধে ইস্যুকৃত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এবং নেতৃবৃন্দের কণ্ঠ রোধ করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হয়রানি ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। শিক্ষক সমাজের যৌক্তিক আন্দোলন দমানোর এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। তাঁরা অবিলম্বে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ইস্যুকৃত সকল নোটিশ প্রত্যাহার এবং শিক্ষক সমাজের ওপর সব ধরনের হয়রানি বন্ধের জোর দাবি জানান। অন্যথায় শিক্ষক সমাজ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,
মোসা: জোসনা বেগম, জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, মাহমুদা আক্তার, মো: আজিজুর রহমান, মো: আবদুর রহমান, সুমন খন্দকার, বড়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: সাজিদুল ইসলাম (সাচ্চু) মাস্টার, মোহাম্মদপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসাইন, ভাদুঘর মাদ্রাসার মওদুদুল ইসলাম প্রমুখ।এছাড়াও বহু স্কুল-মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ ও মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন ভাদুঘর দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি আমিনুল ইসলাম।
আজকালের কন্ঠ/আর বি