ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া অনেক কষ্টসাধ্য। তাই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ জন্য বাড়ির আশপাশ, আঙিনা, ছাদ, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, পরিবারের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে সাধারণত মানুষ সচেতন হয়ে ওঠে। কিন্তু আক্রান্ত হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অনেকেই উদাসীন থাকেন। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার নতুন বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছু অর্জন করা সম্ভব।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একসময় হাসপাতালটি মূলত স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল। বর্তমানে দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। হাসপাতালটিতে চিকিৎসাসেবার পরিধি বাড়ার পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুযোগও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, এ এলাকার সাধারণ মানুষ হাসপাতালটির ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই হাসপাতালটি যেন সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দিতে পারে, সে জন্য প্রয়োজনীয় জনবল ও সহায়তা নিশ্চিত করতে ড্যাবের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে হাসপাতালটির সুনাম ও চিকিৎসাসেবার মান ধরে রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।
দায়িত্ব পালনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কোনো এলাকায় যাওয়ার সময় শুধু তখনই পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা জনসচেতনতা নিয়ে তৎপর হলে চলবে না। বরং প্রত্যেককে প্রতিদিন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা রয়েছে। জনগণকে সেবা দেওয়া সরকারের দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. কে এম খালেকুজ্জামান দিপুসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি