নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ প্রেসক্লাবের নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর ননী গোপাল সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, উপদেষ্টা ইকবাল হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বর্বরোচিত আঘাত। ঘটনার পরও হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। পরিকল্পিত এ হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে।
আজকালের কন্ঠ/আর বি