Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬ , ৪:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২৬ , ১:০৬ অপরাহ্ণ

এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সবাই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে এবার প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। অন্যদিকে, পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

ভর্তির যোগ্যতার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড বজায় রেখে শিক্ষার্থী ভর্তি করবে, সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পাশ করা শিক্ষার্থীদের সবার ভর্তির সুযোগ থাকবে।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত বছর পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে তুলনায় এবার পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন